‘স্মার্ট বাংলাদেশ গড়াই এখন আওয়ামী লীগের মূল লক্ষ্য’

ডিজিটাল বাংলাদেশের পর জ্ঞানভিত্তিক আর সৃজনশীল, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই এখন আওয়ামী লীগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্যাম্পাস’ শীর্ষক এক কর্মশালায় অংশ নিয়ে তিনি একথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের মূল কাণ্ডারি বলে মনে করেন তিনি।

এসময় সেরা স্মার্ট ক্যাম্পাস প্রতিযোগিতার কথা জানান তিনি। যেখানে ৫০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেদের প্রকল্প উপস্থাপন করবে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলো গ্রিন, ক্লিন ও সেফ ক্যাম্পাস গড়ে তোলার জন্য বিভিন্ন প্রজেক্ট ও প্রেজেন্টেশন সাবমিট করবে। যাচাই-বাছাই করে প্রথম স্থান অধিকারকারী প্রতিষ্ঠানকে এক কোটি টাকা এবং বাছাইকৃত আরও ৫০টি বিশ্ববিদ্যালয়কে ১০ লক্ষ টাকা করে আইসিটি বিভাগ থেকে ইনোভেশন গ্র্যান্ট প্রদান করা হবে।

তিনি আরও বলেন, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগ ‘হার ক্রিয়েশন’ নামে যে কর্মসূচি গ্রহণ করেছে আইসিটি বিভাগ এ কর্মসূচিতে সহযোগিতা করবে। আইসিটি বিভাগ থেকে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ২৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হবে।

আরও পড়ুন: ব্রিকসের সদস্যপদ পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অনুষ্ঠানে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান সৈকত।

পরে প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সজীব ওয়াজেদ জয়ের উপহার বিশ্বজয়ের হাতিয়ার ল্যাপটপ তুলে দেন।


একাত্তর/এসজে