জাতীয় সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে স্পিকার বলেন, বৃক্ষরোপণ জাতীয় সংসদের একটি ধারাবাহিক কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে এবং জীবনকে সংকটের মুখে ফেলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণ পরিবেশে অক্সিজেনের ভাণ্ডার তৈরি করে। এসময় তিনি পরিবেশ সুরক্ষিত রাখতে সকলকে বেশি করে বৃক্ষরোপণ করার আহবান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান তিনি। এসময় শিরীন শারমিন একটি আম ও একটি কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন।
ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, হুইপ আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য অপরাজিতা হক, উম্মে ফাতেমা নাজমা বেগম, সৈয়দা রুবিনা আক্তার কর্মসূচিতে অংশ নেন। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
একাত্তর/কেএসএইচ/