নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই হিরো আলমের ওপর হামলা হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, প্রথমে হিরো আলম নিজেই ভোটকেন্দ্রে উপস্থিত কিছু মানুষের ওপর চড়াও হন।
সোমবার বিকেলে ঢাকা ১৭ আসনের নির্বাচন শেষ হবার ঠিক আগ মুহুর্তে বনানী বিদ্যানিকেতনের ভোট কেন্দ্র দেখতে যান স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। এ সময় ভোট কেন্দ্রের বাইরে হামলার মুখে পড়েন তিনি।
কারা অতি উৎসাহী হয়ে একজন প্রার্থীর ওপর হামলা চালালো তাদের খুঁজে বের করতে কঠোর অবস্থানে যায় নির্বাচন কমিশনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবি প্রধান হারুন অর রশিদ জানান, হিরো আলমের ওপর হামলার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
ডিবি প্রধান জানান, প্রথম হিরো আলম নিজেই তার ষাট থেকে সত্তরজন কর্মী নিয়ে কেন্দ্রের ভেতরে কিছু লোকের ওপর চড়াও হন। পরে পুলিশই তাকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে আসে।
এই ঘটনায় কাদের ইন্ধন ছিল তার তদন্ত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়াইন লুইসের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী জানান গোয়াইন লুইসও এই হামলার বিষয়ে জানতে চেয়েছেন।
এ বিষয়ে সরকারের নেয়া ব্যাবস্থা ও ন্যায় বিচার নিশ্চিতে সরকারের কঠোর অঙ্গীকারের কথা তাকে জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি গোয়াইন লুইসকে জানিয়েছে এরই মধ্যে এ ঘটনায় জড়িত থাকা সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলার সাথে জড়িত বাকিদেরও শনাক্ত করা হচ্ছে। তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।
এদিকে হামলার ঘটনায় বনানী থানায় মামলা করেছেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ।
একাত্তর/এআর