গুরুত্বপূর্ণ দুই সচিব পদে রদবদল

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়রুজ্জামান মজুমদারকে অর্থ সচিব এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার এই দুই বিভাগের সচিব পরিবর্তনের বিষয়টি জানিয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

খায়রুজ্জামান মজুমদার দেশের প্রথম নারী অর্থ সচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হলেন। অর্থ সচিব হিসেবে খায়রুজ্জামান মজুমদারের নিয়োগ ২৮ অগাস্ট থেকে কার্যকর হবে।

ফাতিমার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তার অভিপ্রায় অনুযায়ী আগামী ২৮ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসর দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে সচিব পদে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। তার নিয়োগও কার্যকর হবে  ২৮ অগাস্ট থেকে।


একাত্তর/এআর/কেএসএইচ