আনসারে বিদ্রোহ করলে মৃত্যুদণ্ড, খসড়া আইন অনুমোদন

আনসার ব্যাটালিয়নে বিদ্রোহ করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে এ সংক্রান্ত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়া আইনটির অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, বিদ্রোহের প্ররোচনা, বিদ্রোহে জড়িত থাকা ও বিদ্রোহের তথ্য জেনেও সেটি গোপন রাখার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার মত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে আনসার বাহিনী। এই বাহিনীতে থাকা সদস্যদের বড় অপরাধের ক্ষেত্রে এতোদিন কোনো শাস্তির বিধান ছিলো না।

ব্যাটেলিয়নের সম্পদ চুরি ও প্যারেডে অনুপস্থিত থাকার অপরাধে আলাদা সাজার বিধান রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, যাবজ্জীবন কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে। এই আইনে যে অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে, একই অপরাধের জন্য পুরোনো আইনে কোনও শাস্তির বিধান ছিল না।

তিনি আরও জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য দুটি আদালত গঠন করা হবে। একটির প্রধান হবেন ডিজি। অপরটির প্রধান হবেন একজন অতিরিক্ত ডিজি।