ঢাকা বিমানবন্দরে কাস্টমস কর্মচারীদের মোবাইল ব্যবহার কমানোর আদেশ

নিরবিচ্ছিন্ন যাত্রী সেবা নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইলে ফোন ব্যবহার কমাতে আদেশ দেওয়া হয়েছে।

তাদের মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বিমানবন্দরের যুগ্ম কমিশনার মো. মিনহাজ উদ্দিনের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন শিফটে কর্মকর্তরা কর্মচারীরা দায়িত্ব পালনের সময় ‘মাত্রাতিরিক্তভাবে’ মোবাইল ফোন ব্যবহার করছেন। এর ফলে যাত্রীসেবা বিঘ্নিত হচ্ছে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

বিমানবন্দরের কাস্টম হাউজে কর্মরতদের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ওয়াকিটকি ব্যবহারের আদেশ দিয়ে বলা হয়েছে, প্রটোকলের দায়িত্ব থাকা ব্যক্তি এবং শিফট ইনচার্জ তাদের অফিশিয়াল মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

অতি জরুরি প্রয়োজনে কর্মরতরা শিফট ইনচার্জ ও প্রটোকলের দায়িত্বে থাকা দুই ব্যক্তির সঙ্গে প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারবেন।