চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে, সেটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, গত সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিলো। তবে বৃষ্টি প্রায় স্বাভাবিক হয়েছে। এ মাসেও স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। রোববার এই পূর্বাভাস দেওয়া হয়।
অক্টোবর ও নভেম্বর ‘ঘূর্ণিঝড়প্রবণ’ মাস হিসেবে পরিচিত। দেশে সাধারণত মৌসুমি বায়ু আসার আগে এবং চলে যাওয়ার পর ঘূর্ণিঝড় হয়। মৌসুমি বায়ু আসার আগে মার্চ, এপ্রিল ও মে মাসে ঘূর্ণিঝড় হয়। আবার চলে যাওয়ার পর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে ঘূর্ণিঝড় হয়ে থাকে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মাসে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টিরও আশঙ্কা আছে।
দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে চার দিন মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারা দেশে তিন থেকে পাঁচ দিন হালকা বজ্রঝড় হতে পারে। এ মাসের মাঝামাঝি সময়েই মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।