খালেদা জিয়ার বিষয় আইনি, রাজনীতির সুযোগ নেই: আইনমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্থায়ী মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসা করাতে পারবেন কিনা তা আইনি বাধ্যবাধকতার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এই বিষয় নিয়ে রাজনীতির কোনো সুযোগ নেই।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যকে ‘অসত্য ও ভিত্তিহীন’ বলেও দাবি করেন আইনমন্ত্রী।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আনিসুল হক বলেন, ‘এটা পুরোটাই আইনি বিষয়। এখানে রাজনীতির সুযোগ নেই।’

‘বিদেশে যাওয়ার বিষয়ে আইনি অনুমোদন মিলছে না। শর্ত অনুযায়ী খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন- এটা আইনের কোথাও নেই,’ বলেন তিনি।

দুর্নীতির মামলায় সাজা পাওয়া খালেদা জিয়া নির্বাহী আদেশে দুই শর্তে মুক্তিতে রয়েছেন। এসব শর্তের মধ্যে রয়েছে- তিনি দেশে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না।

প্রায় দুই মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসা করানোর জন্য স্থায়ী মুক্তি চেয়ে আবেদন করেন তার ভাই।

কিন্তু আইনমন্ত্রী বরাবরই বলে আসছেন তাকে স্থায়ী মুক্তি দেয়া বা বিদেশে চিকিৎসা করানোর সরকারের আর কিছুই করার নেই।

এদিনের সংবাদ সম্মেলনেও তিনি বলেন, শেখ হাসিনা তার মহানুভবতা দেখিয়ে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন। শর্ত অনুযায়ী তিনি কোনোভাবেই বিদেশে যেতে পারবেন না। প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেই ক্ষমতাও আর ব্যবহারের সুযোগ নেই।’

রাষ্ট্রপতিরে আদেশে মুক্তি দেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হলে দোষ স্বীকার করতে হয়। যে কেউ তার সাজা মওকুফের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন।

এদিকে মির্জা ফখরুলের বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার আবেদনের ইস্যুতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেছেন।

এ সময় সঠিক তথ্য দিতে ফখরুলের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী।