ট্রেন দুর্ঘটনায় হতাহতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

কিশোরগঞ্জের ভৈরব জংশনে যাত্রীবাহী এগারসিন্ধু ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। রাষ্ট্র ও সরকারপ্রধান দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সোমবার বিকেলে ভৈরবে যাত্রীবাহী এগারসিন্ধু এক্সপ্রেস ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে এখনো অনেকেই চাপা পড়েছেন। সর্বশেষ পাওয়া অকর অনুযায়ী এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্ধু ট্রেন ঢাকার দিকে রওনা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্ধু ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। এতে দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন, পুলিশ ও র‌্যাব উদ্ধার কাজ চালাচ্ছে।