বাইডেনের কথিত উপদেষ্টা ইজরাইলের এজেন্ট: তথ্যমন্ত্রী

ঢাকায় আটক হওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফি ইসরাইলের গুপ্তচর বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

তিনি বলেছেন, ‘বিভিন্ন সূত্র বলছে, সেই ব্যক্তিটি ইসরাইলের একজন এজেন্ট। আপনারা জানেন, ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিএনপি জামাত কিছু বলেনি। এ জন্য ইসরাইল বিএনপির ওপর সন্তুষ্ট। সে কারণে ইসরাইলি এজেন্টকে তারা পাঠিয়েছে যাকে নিয়ে বিএনপি গতকাল সভা করেছে।’

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। 

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকায় দিনভর ব্যাপক সহিংসতা ও সংঘাতের পর বিকেলে হঠাৎ করেই মিয়ান আরাফি বলে এক ব্যক্তি নিজেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে দাবি করেন। 

Mian

তবে এই ব্যক্তির বিএনপি কার্যালয়ে যাওয়া এবং বক্তব্য রাখার বিষয়ে দায় নিতে নারাজ দলটি। আর মার্কিন দূতাবাস বলেছে, তাদের কোনো প্রতিনিধি সেখানে যায়নি।

দুই দফা গণমাধ্যমের সাথে কথা বলার সময় কথিত মিয়ান আরাফি বিএনপির সমাবেশে পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে দাবি করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে এ বিষয়ে রিপোর্ট দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শনিবার যা হয়েছে তার আগাগোড়া আমেরিকা জানে।

রোববার বিমানবন্দর পার হওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে তুলে দেয়। মিয়ান আরাফি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

‘জো বাইডেনের উপদেষ্টা’ হাজিরের গুজব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘দেখুন একজন ব্যক্তি একটু ইংরেজি বলতে পারে তাও তিনি যে নেটিভ আমেরিকান নন, সেটা তার উচ্চারণে বোঝা যায়। তাকে নিয়ে গিয়ে তারা সেখানে সংবাদ সম্মেলন করিয়েছে এবং পরিচয় দিয়েছে জো বাইডেনের উপদেষ্টা।

mia copy

'মার্কিন দূতাবাস বিবৃতি দিয়ে বলেছে সে সরকারের কেউ নয় এবং মির্জা ফখরুল সাহেবও বলেছে তার ব্যাপারে আমি কিছু জানি না। বিএনপি যে শুধু সন্ত্রাসী নয়, জালিয়াত রাজনৈতিক দল, এটি তারই প্রমাণ। তারা ইতিপূর্বে কংগ্রেসম্যানদের সই জাল করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছিলো।’ 

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মিয়ান আরাফির পুরো নাম মিয়া জাহিদুল ইসলাম আরাফি। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। তিনি মাঝে মাঝেই বাংলাদেশে আসেন।