শ্রম আইন সংশোধনের তাগিদ ইউ প্রতিনিধি দলের

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন মেনে শ্রম আইন সংশোধনের তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। বুধবার সচিবালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আইএলও থেকে শ্রম আইনের ব্যাপারে যেসব অবজারভেশন দিয়েছে, সেটার অগ্রগতি কতটুকু হয়েছে- এ ব্যাপারে জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল। একই সঙ্গে জিএসপি পেতে হলে যেসব বিষয় মানতে হবে সেগুলোর অগ্রগতিও জানতে চায় তারা।’

শ্রম আইন নিয়ে যে আইনটি হয়েছে সেখানে ইউ প্রতিনিধিদের আপত্তি আছে জানিয়ে টিপু মুনশি বলেন, ‘এখানে আইএলও’র অবজারভেশনগুলো যুক্ত করে একটা ইনক্লুসিভ আইন করতে হবে।’

জিএসপি পেতে হলে যেসব বিষয় মানতে হবে, সেগুলোর অগ্রগতি নিয়ে কাজ চলছে এটা তাদের পরিষ্কারভাবে জানানো হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তারা সন্তুষ্ট হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তাদের সন্তুষ্টি বা অসন্তুষ্টি নিয়ে কথা হয়নি। কিন্তু তারা তাগিদ দিয়েছে আইএলও কনভেনশন মেনে শ্রম আইনটি সংশোধন করার জন্য এবং জিএসপির ব্যাপারেও একই মত তাদের।’

শুধুমাত্র পোশাক খাতের ওপর নির্ভর না থেকে চামড়াসহ অন্যান্য খাতে রপ্তানি বাড়াতে ইউ প্রতিনিধিরা পরামর্শ দিয়েছেন বলে জানান টিপু মুনশি। তিনি বলেন, ‘পোশাকের পাশাপাশি অন্য পণ্যের রপ্তানি বাড়ালে চীনের ওপরও নির্ভরতা কমবে আমাদের।’