জনগণ ভোট দিলেই অংশগ্রহণমূলক নির্বাচন: আনিছুর

কারা নির্বাচনে আসলো আর কারা আসলো সেজন্য ভোট থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। জনগণ ভোট দিলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলেও জানিয়েছেন তিনি।

আনিছুর রহমান বলেছেন, বিএনপি এখনও ভোটে এলে পুনরায় তফসিল ঘোষণা করা হবে।

শুক্রবার মৌলভীবাজারের সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আনিছুর।

নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে তিনি বলেন, কারা নির্বাচনে আসলো, কারা আসলো না এটা দলীয় ব্যাপার। এজন্য  নির্বাচন থেমে থাকবে না।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

তফসিলকে স্বাগত জানিয়ে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগসহ সিংহভাগ দল ভোটে লড়ার প্রস্তুতি শুরু করেছে।  

তবে নির্বাচনের তফসিল বয়কট করে হরতাল, অবরোধের কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি। তাদের কর্মসূচি সহিংস রূপ ধারণ করেছে।

আনিছুর রহমান বলেন, বিএনপি নির্বাচনে এলে তফসিল পুনঃনির্ধারণ করা হবে। ইসির আলোচনার আমন্ত্রণ জানানো হলেও মাত্র ২৬টি দল এসেছে, ১৮টি দল আসেনি।

এদিন ইসি আনিছুর রহমান মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে শর্ত সাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেয়া হবে।  ভোটের দিন মোবাইল ফোনের নেটওয়ার্ক স্বাভাবিক থাকবে। তবে গুজব থেকে সাবধান থাকতে হবে।

নির্বাচন সামনে রেখে অনিবন্ধিত অনলাইন পত্রিকা, আইপিটিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধ করারও আহ্বান জানান এই নির্বাচন কমিশনার।