কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, আরফানুল হক তার কর্মের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
আরফানুল হক রিফাত ফুসফুসে নানা সংক্রমণ নিয়ে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার রাতে মরহুমের মরদেহ দেশে আসার কথা রয়েছে। শুক্রবার বাদ জুম্মা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে মেয়র আরফানুল হক রিফাতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।