স্বতন্ত্রের আপিলে নৌকার সালামের প্রার্থিতা বাতিল 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ময়মনসিংহ-৯ আসনে নৌকার প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

তার বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগ তুলে প্রার্থিতা বাতিল করতে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান।  

বৃহস্পতিবার আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা সালামের প্রার্থিতা বাতিলের রায় দেন। তবে ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে সাবেক এ সেনা কর্মকর্তার।  

এর আগে ১৯৯৬ ও ২০০৮ সালে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুস সালাম। মাঝের দুই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন আনোয়ারুল আবেদীন খান।

তবে এবার মনোনয়ন আবার পরিবর্তন করে আওয়ামী লীগ। নৌকার প্রার্থী করা হয় নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সালামকে।

দলীয় প্রতীক নৌকা হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হন বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান। ঋণ খেলাপের অভিযোগ এনে সালামের বিরুদ্ধে তিনি আপিল করেন।