সংসদ নির্বাচন নিয়ে কী ভাবছেন তরুণ ভোটাররা?

এবারের নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবেন ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার নতুন ভোটার। ভোটে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর নজর এই নতুন ভোটারদের দিকে। নতুন ভোটারদের অন্যতম চাওয়া বাজারে জিনিসপত্রের দাম কমুক। রাষ্ট্র হোক দুর্নীতিমুক্ত। আর অব্যাহত থাকুক দেশের সার্বিক উন্নয়নের ধারা। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাসও বাকি নেই। ক্যাম্পাসে চায়ের আড্ডায় তরুণদের আলোচনায় বিষয় তাই আসন্ন নির্বাচন। ১১ কোটি ৯৬ লাখ ভোটারের মধ্যে এবার নতুন ভোটার ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার।

বিপুল সংখ্যক এই তরুণ এবার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটে অংশ নেয়া দলগুলোর নজরও তাই এই তরুণ ভোটারদের দিকে। 

তরুণ ভোটারদের একটি বড় অংশই শিক্ষার্থী। কেউ হয়তো সদ্য কর্মক্ষেত্রে প্রবেশ করেছে বা প্রস্তুতি নিচ্ছে। পদ্মা সেতু কর্ণফুলী টানেল বা ক্যাম্পাসেও মেট্রোরেলের সুবিধা; দেশের অবকাঠামোর এই পাল্টে যাওয়াটা এই প্রজন্মের চোখের সামনে। আগামীর বাংলাদেশকেও আরও উন্নত দেখতে চান তারা। 

এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, প্রথমবার ভোটার হয়েছি। এক ধরনের উচ্ছ্বাস তো কাজ করছেই। যিনি উন্নয়ন করতে পারবেন বলে মনে করছি, তাঁকে ভোট দেব। আমরা চাই গুণগত উন্নয়ন। শুধু অবকাঠামোই নয়, দরকার দেশের সব প্রয়োজনীয় প্রতিষ্ঠানের উন্নয়নও। 

তবে তরুণদেরও অস্বস্তিটা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি নিয়ে। কারণ আবাসিক হলে হোটেল রেস্টুরেন্টে খাবারের দাম বাড়লে তাদের পকেটেও টান পড়ে। সেই সাথে চাওয়া যে দলই ক্ষমতায় আসুক, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ুক। তবে সহিংসতামুক্ত একটি ভোটের পরিবেশও চাইছেন তারা।

নির্বাচন কমিশনের দেওয়া হিসাব বলছে, বর্তমানে ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন।

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী, সংসদ নির্বাচনের ভোট নেয়া হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে হিসেবে পাঁচ বছরে দেশে ভোটার বেড়েছে ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন।