স্বতন্ত্র প্রার্থীদের শেষ পর্যন্ত মাঠে থাকতে বললো ইসি

দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তাদের শক্তি ও সামর্থ আছে বলেই নির্বাচনে নেমেছে মন্তব্য করে তিনি বলেন, তাদের অভিযোগ শুনে শেষ পর্যন্ত মাঠে থাকার কথা বলেছি। আপনার কর্মী-সমর্থকদের মাঠে ফেলে রেখে গেলে দায়িত্বহীনতার কাজ হবে। 

মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বি প্রার্থী, সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিন আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, প্রার্থীরা বলেন আমার এজেন্ট বের করে দিয়েছে। মূলত তিনি এজেন্টই দেননি। যে কারণে আজকে প্রার্থীদের বলেছি, ভোটের দিন একটি নির্ধারিত ফরম দেবে। ভোট শুরু হওয়ার আধা ঘণ্টা আগে যেন তাদের এজেন্টের নাম দেয় এবং তারা যেন উপস্থিত থাকে। ভোট শেষ হওয়ার পরে গণনা পর্যন্ত এজেন্ট থাকতে হবে এবং ফলাফলে সই দেবে। তার প্রার্থীর ফলাফল যাই হোক না কেন উপস্থিত থাকতে হবে।

প্রার্থীদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আসা অভিযোগগুলো তদন্ত করে দেখছি। সতত্যা পেলে সেগুলোর বিরুদ্ধে মামলা হচ্ছে। এক্ষেত্রে পুলিশ বাদি হয়ে মামলা নেবে না। যিনি অভিযোগকারী তাকেই প্রথমে থানায় অভিযোগ করতে হবে। অভিযোগ দেরি করে দিলে বিষয়টি দুর্বল হয়ে যায়। এই বিষয়টিও স্বতন্ত্রপ্রার্থীদের দেখতে হবে।

তিনি জানান, এবছর নির্বাচনের আগের দিন নয়, ভোটের দিন ব্যালট পেপার কেন্দ্রে যাবে না। এছাড়া যৌক্তিক কারণ দেখিয়ে চরাঞ্চলসহ দুর্গম এলাকায় আগের দিন ব্যালট দেওয়া হবে। কিন্তু সেটিকেও সুরক্ষা নিশ্চিত করা হবে।

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শেষে ২৭টি দল ও স্বতন্ত্রসহ মোট বৈধ প্রার্থী এক হাজার ৮৯৬ জন। তার মধ্যে স্বতন্ত্র হিসেবে আবেদন জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ের শতাধিক মনোনয়ন বাতিল হয়।

সাত জানুয়ারি ব্যালটের মাধ্যমে সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।