ভোটে অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে: সিইসি

সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তার আশা, ভোটাররা ভোট দিতে আসবেন। 

বুধবার রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। 

এদিন বেলা ১০টায় প্রার্থীদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন সিইসি। প্রায় দেড় ঘণ্টা চলা এই সভায় নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীরা বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন সিইসির সঙ্গে।

এসময় বিশেষ করে রাজশাহী-১, রাজশাহী-৪ ও রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেন, তাদের নেতা-কর্মীদের ও সমর্থকদের মারধরসহ নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। আর এই অভিযোগ তীর নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর। 

প্রার্থীদের সব অভিযোগই আমলে নেওয়া হয়েছে জানিয়ে সভা শেষে সিইসি বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা সবাই আন্তরিক। তাদের সমস্যাগুলো সমাধানে প্রায়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা আশা করি উনারা (প্রার্থীরা) আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পালনে আন্তরিকভাবে চেষ্টা করবেন। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন ও কোনো ধরনের সহিংসতা হলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। সেই নির্দেশও দেওয়া হয়েছে।

পরে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন দলের মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।