প্রধানমন্ত্রীকে আনারস উপহার দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে কিউভেইরাটি আনারস পাঠালেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।  

রোববার (১১ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর পক্ষে ইন্ডাস্ট্রিজ কমার্স এন্ড ট্যুরিজমের পরিচালক তড়িৎ কান্তি চাকমা বাংলাদেশী প্রতিনিধিদের কাছে আনারসগুলো তুলে দেন। এসময় বাংলাদেশের চট্টগ্রামে নিযুক্ত ভারতের দ্বিতীয় সহকারী হাইকমিশনার উদত ঝাঁ এগুলো গ্রহণ করেন। 

৮০টি কার্টুনে করে ভারতের বিখ্যাত কিউভেইরাটি জাতের আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী জন্য পাঠানো হয়। এ সময় বাংলাদেশে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় দ্বিতীয় সহকারী হাইকমিশন উদত ঝাঁ বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক সবসময়ই ভাল ছিল। এতে করে দু'দেশের মধ্যে আরো গভীর সম্পর্ক তৈরি হবে। 

আরও পড়ুন: অনিয়মকারীদের সতর্ক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: কাদের

এর আগে ৫ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য ৩শ কেজি হাড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আনারস হস্তান্তরকালে আখাউড়া বন্দরের কাস্টমস সুপারিন্টেনডেন্ট মোঃ আলী, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম, আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আগরতলা স্থলবন্দরের কর্মকর্তা নন্দী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। 


একাত্তর/এসজে