ভোটের মাঠে টাকা বিতরণের ছবি ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন একই আসনে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি।
সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এতে ট্রাক প্রতীকের সোমনাথের বিরুদ্ধে নগদ অর্থ বিতরণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের পক্ষে বেশ কিছু নথি ও প্রমাণ সিইসিকে দিয়েছেন পপি।
পরে নৌকার এই প্রার্থী সাংবাদিকদের বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আইডি কার্ড ও বিকাশের নম্বর নিয়ে পেমেন্ট করছে। বিভিন্ন প্রতিষ্ঠানে দান করছেন। এটা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। একজন প্রার্থী হিসেবে প্রতিকার চেয়ে নির্বাচনী কমিশনের কাছে অভিযোগ দিয়েছি।
অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সোমনাথ সাহা বিভিন্নভাবে গোপনে ও প্রকাশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ দেওয়ার মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।তার পক্ষে মো. দেলোয়ার হোসেন ও সারোয়ার আকন্দ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নগদ অর্থ অনুদান দেন, যা নির্বাচনী আচরণবিধির বিধি-৩ এর পরিপন্থী।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী কিংবা তার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি নির্বাচনের আগে এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা কোন প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান দিতে বা প্রদানের অঙ্গীকার করতে পারবেন না।
অভিযোগে বলা হয়েছে, দেলোয়ার হোসেন গৌরীপুরের সিধলা ইউনিয়নে সোমনাথ সাহার নির্বাচনী প্রচারণা কমিটির সভাপতি এবং সহনাটি ইউনিয়নে সোমনাথ সাহার নির্বাচন সংক্রান্ত প্রচার-প্রচারণার সার্বিক দায়িত্বে আছেন।
‘মো. দেলোয়ার হোসেন এই বিষয়ে তার ও সোমনাথ সাহার সম্পৃক্ততা মেনে নিয়েছেন। যদিও সোমনাথ সাহা দাবি করেছেন যে, তিনি এই বিষয়ে কিছু জানেন না। কিন্তু এক ফেসবুক পোস্টে তাকে ট্যাগ করা হয়েছে অর্থাৎ এই বিষয়ে তিনি অবগত ছিলেন।’
দেলোয়ার ছাড়াও আরো একজন সোমনাথের পক্ষে অর্থ বিলিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি।
‘সোমনাথ সাহার পক্ষে গৌরীপুরের ভাংনামারি ইউনিয়নে তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ অনুদান দিয়েছেন মো. সারোয়ার আকন্দ। তার প্রদান করা অর্থের খামটি সোমনাথ সাহার দাপ্তরিক খাম, যেখানে সোমনাথ সাহার নাম মুদ্রণ করা আছে। মো. সারোয়ার আকন্দের ফেসবুক পোস্টেও সোমনাথ সাহাকে ট্যাগ করা হয়েছে, অর্থাৎ এই বিষয়ে তিনি অবগত ছিলেন।’
সারোয়ার আকন্দ ও দেলোয়ার হোসেনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা সরাসরিভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি ময়মনসিংহ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার পক্ষে প্রচার-প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। তার পক্ষে প্রকাশ্যে অর্থ বিতরণে ঘটনা সামনে আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অর্থ বিতরণ ছাড়াও মোটরসাইকেল শোভাযাত্রাসহ বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘনের গুরুতর সব ঘটনার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রোববার গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম, 'অর্থ বিতরণের ঘটনা গুরুতর আচরণবিধি লঙ্ঘন। কিন্তু আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।'