আগামী বছর হজে যেতে নিবন্ধনের সময় আরও ১৮ দিন বাড়িয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রী নিবন্ধনের সময় ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
আগের নির্ধারিত সময় অনুযায়ী হজের নিবন্ধন রোববার (৩১ ডিসেম্বর) শেষ হওয়ার কথা।
প্রাথমিক নিবন্ধন করার পর ২৯ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই প্যাকেজের অবশিষ্ট মূল্য জমার মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই হাজার ৯৫২ জন সরকারিভাবে এবং ২২ হাজার ৯৬১ জন বেসরকারিভাবে নিবন্ধিত হয়েছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটা এক লাখ ১৭ হাজার জন।
সময় বাড়ানোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় হতে হজ চুক্তির আগেই হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর তাগিদ থাকা সত্ত্বেও বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময় ১৮ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। এসময়ের মধ্যে দুই লাখ পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন বা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।