উপকূলীয় ৪৩ ইউনিয়নে কোস্ট গার্ড মোতায়েন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

শুক্রবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি- শৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে উপকূলীয় ৪৩টি ইউনিয়নে বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ড নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার' -এর আওতায় ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত উপকূলীয় এলাকাসমূহে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলো ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিলো ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিলো ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিলো ১৮ ডিসেম্বর পর্যন্ত।

ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।