দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ২৯৮ সংসদীয় আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হবে।
মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আলমগীর হোসেন।
তিনি বলেন, নিয়ম মেনেই নির্বাচন করা হয়েছে। আমরা কোনো অনিয়ম গ্রহণ করিনি।
এদিকে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু ছিল না বলে উল্লেখ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় হতাশা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
এ বিষয়ে ইসি আলমগীর বলেন, কে, কী বললো সেটা দেখা আমাদের দেখার কাজ।
অপরদিকে বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নয়া এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মন্ত্রিপরিষদ বিভাগ এবং জাতীয় সংসদ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নবনির্বাচিত এমপিরা শপথ নিলে পরের দিন বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ফলে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। সবশেষ ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগ এখন পর্যন্ত ২৯৮টি আসনের মধ্যে ২২৫টি, জাতীয় পার্টি ১১টি, কল্যাণ পার্টি ১টি এবং স্বতন্ত্র পেয়েছে ৬১টি আসন।