মিল গেটেই বস্তার গায়ে চালের দাম, শিগগিরই কার্যকর: খাদ্যমন্ত্রী

শিগগিরই চালের বস্তার গায়ে উৎপাদনের সময় এবং সর্বোচ্চ দর লিখে রাখার বাধ্যবাধকতা জারি করতে যাচ্ছে সরকার। এজন্য ২০ ফেব্রুয়ারির মধ্যে আউস-আমন ও বোরো ধানের জাত ও নমুনাসহ সর্বোচ্চ যৌক্তিক দর মন্ত্রণালয়কে জানাতে মিলারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার  নিয়ন্ত্রণে করনীয় নিয়ে বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও কৃষিমন্ত্রী আব্দুস শহীদ।

বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, মূলত চালসহ অন্য কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলেছি। সিদ্ধান্ত নিয়েছি মিনিকেট বলে ধান নেই। ২০ ফেব্রুয়ারির পর থেকে বাজার মনিটরিং ভালো হবে। 

তিনি বলেন, মিল গেটেই দাম বস্তায় লেখা থাকতে হবে। এই সিদ্ধান্ত অচিরেই কার্যকর করা হবে। প্রয়োজনে দ্রুত বিচারের ব্যবস্থা করা হবে। 

বৈঠকের পর বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, বাজার ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং সবাইকে স্বস্তি ও সরবরাহ নিশ্চিত করতে চাই। একই সঙ্গে কৃষি বিপণন আইনের মাধ্যমে বাজার মনিটরিং করে দীর্ঘ মেয়াদি স্বস্তি দিতে চাই। 

তিনি বলেন. বাজারে পণ্যের সরবরাহ ঠিক রাখতে শুধু ফাইল চালাচালি নয়, তিন মন্ত্রণালয় এক সঙ্গে কাজ করবে। প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ে পরিদর্শনের আগে তিন পণ্যের ট্যারিফ কমানো হবে।

বাজার মনিটরিং করে কোন সিজনে কোন পণ্য কখন আমদানি ও রপ্তানি করতে হবে তার একটা সুনির্দিষ্ট তালিকা মন্ত্রণালয় করবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।