কঠোর বিধিনিষেধের কারণে ১৪ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। আজ সকালে ঢাকা-সৈয়দপুর, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-যশোর রুটে তিন ফ্লাইট পরিচালনা করা হয়।
করোনার প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে দুই দফায় গত ১ জুলাই থেকে ৭ জুলাই এবং ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ শিথিল করায় পুনরায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর কথা জানায় বেবিচক।
মঙ্গলবার বেবিচকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করবে। ওই দিন থেকে পরবর্তী ৯ দিন অর্থাৎ ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত ফ্লাইট চলবে।
একাত্তর/এআর