পায়রায় বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক ও সৌদি: নৌ প্রতিমন্ত্রী

পায়রা বন্দরে ডেনমার্ক ও সৌদি আরব বিনিয়োগ করতে চায় জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ নিরাপদ। আমরা কারো সঙ্গে দেশ বিক্রির চুক্তি করিনি, করবোও না। ডিজিটাল সিস্টেমে মানুষের বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ২০৪১ সালে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়বো। 

শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরে দুইটি ফিক্সড কনটেইনার স্ক্যানার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

ফিতা কেটে চট্টগ্রাম বন্দরের চার নম্বর গেটে বসানো স্ক্যানার উদ্বোধন ও পরে কাষ্টমসের কাছে হস্তান্তর করা হয়। 

এসময় প্রতিমন্ত্রী বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর হয়ে গেলে মেরিটাইম সেক্টরে বাংলাদেশ অন্যরকম উচ্চতায় পৌঁছাবে।বে-টার্মিনালে ১২ মিটার ড্রাফটের জাহাজ আসবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী পায়রা বন্দর করেছেন, গভীর সমুদ্রবন্দর করেছেন। মেরিটাইম সেক্টরে আমরা সি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। 

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল।