জলবায়ু অর্থায়নে বেসরকারি খাতের সম্পৃক্ততা জরুরি: পরিবেশমন্ত্রী

জলবায়ু অর্থায়নে বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে উদ্বুদ্ধ করার ওপর জোর দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বেসরকারি খাত সাধারণত জলবায়ু অভিযোজন অর্থায়নে আগ্রহী নয়। এ লক্ষ্যে তাদের প্রণোদনা দেওয়া দরকার, অভিযোজন কার্যক্রমে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করা দরকার।

শুক্রবার কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতিসংঘের পরিবেশ সম্মেলনে ‘ব্যাপক অর্থায়ন বন্ধ করার জন্য পরিবেশগত লক্ষ্যগুলোর সাথে সংযুক্ত সরকারি এবং বেসরকারি আর্থিক প্রবাহ নিশ্চিত করা’ শীর্ষক অধিবেশনে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বিশ্বের সরকারগুলোর নেতৃত্ব অতীতে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এর ফলে পরিবেশগত লক্ষ্য পূরণ আরও কঠোর হয়ে উঠছে। শুধু চুক্তি স্বাক্ষর বা যুগান্তকারী রেজ্যুলেশন তৈরি করা যথেষ্ট নয়, এর বাস্তবায়ন করা আবশ্যক।

তিনি বলেন, বাংলাদেশ দুর্বলতা থেকে স্থিতিস্থাপকতা এবং শেষ পর্যন্ত সমৃদ্ধিতে উত্তরণের পরিকল্পনা প্রণয়ন করেছে। এটির জন্য প্রায় ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন।

এসময় কেনিয়ায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং কেনিয়ায় বাংলাদেশ হাইকমিশনের তৃতীয় সচিব মো. সাব্বির আহমেদসহ বাংলাদেশ প্রতিনিধিদলের আরও সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।