করোনা চিকিৎসায় প্রস্তুত ফিল্ড হাসপাতাল, শনিবার উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে করোনা চিকিৎসায় এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। যা আগামী শনিবার (৩১ জুলাই) চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২৫ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী শনিবার করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ফিল্ড হাসপাতালটি চালু করা হবে। এখানে ২০০ আইসিইউ, এইচডিইউসহ এক হাজার শয্যা থাকছে।

ঈদ যাত্রায় মানুষ স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা সংক্রমণ বেড়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ঈদে গ্রামে যাওয়া-আসার কারণে করোনা সংক্রমণ পাঁচ থেকে ছয় গুণ বেড়েছে। এখন যারা ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছে অধিকাংশ গ্রামের রোগী। শহরে হাসপাতালে ভর্তি করোনা রোগীর ৭৫ শতাংশ গ্রাম থেকে আসা।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে প্রতি মাসে ১ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। সেই অনুযায়ী কাজ চলছে।

তিনি জানান, আট কোটি টিকা রাখার সক্ষমতা আছে বাংলাদেশের। টিকা লাগবে ২১ কোটি। এক বছরের মধ্যে কিভাবে এই টিকা দেয়া যায় তা নিয়ে আলোচনা চলছে। রোগীর সংখ্যা কমাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারের দেয়া স্বাস্থ্যবিধি ও পরামর্শ যথাযথ মেনে চলতে হবে।

আরও পড়ুন: সাত বিভাগে করোনায় ১২৮ মৃত্যু

মন্ত্রী জানিয়েছেন, যেখানে সুরক্ষা অ্যাপ ব্যবহারে সমস্যা হচ্ছে সেখানে এনআইডি দিয়ে টিকা দেয়া যাবে। এছাড়া ফ্রন্ট-লাইনার যারা আছেন তারাসহ পরিবারের সদস্যদের আঠারো বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেয়া হবে।

রাজধানীতে ডেঙ্গুর রোগী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার ডেঙ্গু ও করোনা রোগীদের জন্য আলাদা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়েছে।


একাত্তর/আরএ