ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, উপকূলে মাইকিং

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড় ‘রেমালে’ রূপ নিয়ে ধেয়ে আসছে উপকূলে। ঝড় মোকাবিলায় উপকূলবর্তী বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করছে কোস্ট গার্ডের সদস্যরা।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘রেমালে’ রূপ নেয়ার পর বাংলাদেশের দক্ষিণপশ্চিম অঞ্চল দিয়ে উপকূল অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলে মূলত খুলনা বিভাগ পড়ে।

এই আবহাওয়াবিদ বলেন, নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নেয়ার পর থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে শনিবার সন্ধ্যার পর থেকে উপকূলে হালকা বৃষ্টি হতে পারে। প্রথম দিকে মেঘলা আকাশসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৫.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৮° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি শুক্রবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

অন্যদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শনিবার রাতে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ‘রেমাল’ -এর। এরপরেও উত্তরের দিকেই এগিয়ে যাবে এটি। রোববার গভীর রাতে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখানে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের। আছড়ে পড়ার সময় ঘণ্টায় ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার ভারতের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার দুই ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে জারি লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা। ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার ভারতের পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।