জুনে ভারী বৃষ্টিতে বন্যার পূর্বাভাস

শুরু হওয়া জুন মাসে দেশে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এই ভারী বৃষ্টির কারণে দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যাও হতে পারে।

রোববার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির সভা হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ মাসে দেশে চার থেকে ছয়দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।

পূর্বাভাসে জানানো হয়, চলতি মাসের প্রথম সপ্তাহের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষাকালবিস্তার লাভ করতে পারে। এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

চলতি মাসে দেশে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

এছাড়া জুন মাসে দেশে দৈনিক গড়ে ৬ থেকে ৮ ঘণ্টা উজ্জ্বল সূর্যকিরণ থাকতে পারে।