কসাই জিহাদ আবারও দুই দিনের রিমান্ডে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর মরদেহ ফেলার কাজে অংশ নেওয়া কসাই জিহাদ হাওলাদারকে আবারও দুই দিনের রিমান্ডে পেলো কলকাতার সিআইডি পুলিশ।

বুধবার রিমান্ড আবেদন করে তাকে বারাসাতের আদালতে হাজির করা হলে বিচারক শুভঙ্কর বিশ্বাস দুই রিমান্ড মঞ্জুর করে।

আদালত সূত্র জানিয়েছে, আগামী সাত জুন আবারও জিহাদকে একই আদালতে হাজির করা হবে।

আনারের দেহাংশ যখন কলকাতার বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করেও খুঁজে পাওয়া যাচ্ছিলো না, তখন হঠাৎ এক সূত্র সামনে আসে। 

‘ওয়াটার থিওরি’ অনুসরণ করে আনারের দেহাংশ উদ্ধার করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

তিনি জানান, গ্রেপ্তার এক আসামি পানির শব্দ শুনতে পাওয়ার কথা বলেন। সে হিসেবে তাদের ধারণা হয়, মাংস লুকিয়ে ফেলতে ফ্ল্যাশ করার বিষয়টি। সেই পানির পথ ধরেই শেষ পর্যন্ত সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় কয়েক কেজি মাংসের টুকরা। 

কিছু মাংস পলিথিন ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলা হয়। এসময় সন্দেহ এড়াতে টুকরো করা মাংসে মেশানো হয় হলুদ ও মসলা।

আনারকে হত্যার পর মাংসের টুকরো করেন কসাই জিহাদ। উদ্ধার করা মাংস এমপি আনারের লাশের টুকরো কিনা, জানতে করা হবে ডিএনএ টেস্ট।

এমপি আনারকে হত্যার পর মরদেহ ফেলার কাজে অংশ নেয়া মুম্বাই থেকে ভাড়া করে আনা কসাই জিহাদকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।

সূত্র জানিয়েছে, নৌ বাহিনীর সাহায্যে পর পর দুই দিন কৃষ্ণমাটির বাগজোলা খালে তল্লাশি চালায় সিআইডি একটি হাড়ের টুকরো পেয়েছে। সেটি মানুষ না পশুর তা জানতে পাঠানো হয়েছে ফরেনসিকে। উদ্ধার হয়েছে দুটি ছুরিও। ধারনা করা হচ্ছে ছুরি দুটি খুনে ব্যবহৃত হতে পারে। 

আর ঢাকায় ডিবির হাতে গ্রেপ্তার হন হত্যাকাণ্ডের মূল সংঘটক চরমপন্থি নেতা আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি। নেপালে গ্রেপ্তার হয়েছে সিয়াম হোসেন নামে আরেক অভিযুক্ত। সিয়ামও মরদেহ ফেলায় অংশ নিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে তার খোঁজ পাওয়া না গেলে ১৮ মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন এমপি আনারের পরিচিত ও ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর এমপি আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। কলকাতার সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে জানায় ভারতীয় পুলিশ। তারপর থেকে বেরিয়ে আসছে নানা তথ্য।