ঈদের আগে শেষ কর্ম দিবসে দুপুরের পর থেকে সড়কপথে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে । রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালের কাউন্টারগুলো ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে।
বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্ম দিবস হওয়ায়, দ্রুত অফিস শেষ করে টার্মিনালে হাজির হয়েছেন যাত্রীরা। রাজধানী থেকে বের হতে যানজটের মুখে পড়তে হলেও, মহাসড়কে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।
আর এদিন বিকেলে যাত্রী চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঈদের আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রবিবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি।
তাই বৃহস্পতিবার অফিস শেষে নাড়ির টানে বাড়ির পথে রওনা হচ্ছেন বেশিরভাগ মানুষ। এ বিষয় মাথায় রেখেই রাজধানীর প্রতিটি বাস টার্মিনালে কন্ট্রোলরুম ও অভিযোগ বাক্স বসিয়েছে বিআরটিএ।
মহাসড়কেও এখনো যানবাহনের চাপ বাড়েনি। তাই আপাতত স্বস্তিতেই বাড়ি ফেরার আশা করছেন ঘরমুখো মানুষ। তবে ঢাকা থেকে বের হতে যানজটে পড়তে হচ্ছে।
বাড়তি ভাড়া আদায়ের আদায় ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা। আর কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সরাসরি সেই গাড়িকে ডাম্পিং এ পাঠানো হবে বলে মালিক সমিতির পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে।
এদিকে মহাসড়কে পশুর হাট বসালে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। হাটের জন্য যেন যানজট তৈরি না হয় সেজন্য ভ্রাম্যমাণ দল কাজ করছে বলেও জানান তিনি।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, অতিরিক্ত ভাড়া নেয়া বন্ধে নজরদারি চালানো হচ্ছে। আর নির্দেশ অমান্য করলে কেউ মহাসড়কে হাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।