অতিরিক্ত ভাড়ার অভিযোগ পেলেই ব্যবস্থা: আইজিপি

আসন্ন ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে, অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শুক্রবার বিকেলে সাভারের আশুলিয়ার বাইপাইলে টি আই জাহাঙ্গীর ক্রসিং পুলিশ বক্সের সামনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় ট্রাকে করে যাত্রী না নেয়ার জন্য পরিবহন চালকদের পরামর্শ দেন পুলিশ প্রধান। ঈদে ঘরমুখো যাত্রীদেরও সতর্ক থাকতে বলেন তিনি।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিজের ঈদ নিজের পরিবার-পরিজনের সাথে না করে দেশের সেবা, মানুষের সেবা, দেশের মানুষের নিরাপত্তা দিয়ে আমরা গর্ববোধ করি, আনন্দ উপভোগ। সেবাই আমাদের উৎসব, সেবাই আমাদের আনন্দ এই ব্রত নিয়ে পবিত্র ঈদে আমরা দায়িত্ব পালন করতে থাকি এবং মানুষকে নিরাপত্তা দিয়ে থাকি।

তিনি বলেন, ঈদের ছুটিতে অনেকে পরিবার পরিজন নিয়ে ভ্রমণ করে থাকেন। এজন্য পর্যটকের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ মোতায়েন থাকবে। আর টুরিস্ট পুলিশের চাহিদা অনুযায়ী জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

ঈদে যে সকল মানুষ ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যাবেন তারা যেন নিজেদের বাসা বাড়ির সিসি ক্যামেরাগুলো সচল আছে কিনা তা ঠিক মতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখার আহ্বান জানান আইজিপি। বলেন, যেকোনো সমস্যার জন্য নিকটস্থ থানায় যোগাযোগ এবং প্রয়োজনে ৯৯৯-এ ফোন করেও পুলিশের সহায়তার আহ্বান জানান।

কোরবানির পশুর হাটগুলোকে নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে। কোন পশু গন্তব্যে যাওয়ার পথিমধ্যে যে কেউ পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি করে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিয়ে তিনি মহাসড়কগুলোর পরিস্থিতি দেখতে আসেন পুলিশ প্রধান।

এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ প্রধান মো. সাহাবুদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ অন্যান্যরা৷