শিক্ষকদের সঙ্গে কাদেরের বৈঠক হঠাৎ স্থগিত

সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) বাতিলের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠক আজ হচ্ছে না । 

বৃহস্পতিবার সকালে বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া। 

এর আগে বুধবার অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া গণমাধ্যমকে বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের সাথে বৈঠকের বিষয়ে জানান। 

তবে কী কারণে আজকের বৈঠক স্থগিত করা হয়েছে তা এখনো জানা যায়নি। পরবর্তীতে বৈঠকটি হবে বলে জানা গেছে। 

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে টানা চতুর্থ দিনের মতো ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ আছে।

মঙ্গলবার সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’-এর কিছু বিষয় স্পষ্ট করে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করে শিক্ষকরা বলেছেন, তাদের চলমান এই আন্দোলন অব্যাহত থাকবে। 

এদিকে চতুর্থদিনের মত একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ রেখে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অনড় অবস্থানে রয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো।