শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয় পরিদর্শনে এ নির্দেশ দেন তিনি।
এ সময় বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’-এর কথা সবাইকে স্মরণ করিয়ে দেন উপদেষ্টা। বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও গতিশীল করার জন্য সকলকে সচেষ্ট হতে হবে।
কামাল নাসের চৌধুরী আরও বলেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সঙ্কটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ করা গেলে কর্মসংস্থান ও মানসম্মত শিক্ষা নিশ্চিত; দুটোই সম্ভব।
শিক্ষক চাহিদা নিরূপণ, বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পরীক্ষা ও নিয়োগ দেওয়ার প্রতিটি ধাপ যেনো স্বচ্ছ ও মেধাভিত্তিক হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি।
এ সময় এনটিআরসিএর চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কর্মপরিকল্পনা ও কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
মতবিনিময়ের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ জানান, এনটিআরসিএর বর্তমান আইন, জনবল ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিধিমালা সংশোধনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।