সীমিত পরিসরে বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে এসেছে রেলওয়ে। সরকারের নির্দেশনায় ট্রেন চালানোর সিদ্ধান্ত বাতিল হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তঃনগরসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।
বুধবার রাতে রেলওয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, বুধবার দুপুরে রেলসচিব ড. হুমায়ুন কবীর সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় যাত্রীবাহী কিছু ট্রেন চালানো হবে। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইলসহ আরও কিছু রুটে কমিউটার ও লোকাল ট্রেন চলবে। ইন্টারনেট সেবা পুরোপুরি সচল হলে চলবে আন্তঃনগর ট্রেন।
গত ১৮ জুলাই থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। ওই দিন বিকেল থেকে চলছে না মেট্রোরেলও। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ভাঙচুর করা হয়। মেট্রো কর্মকর্তারা বলছেন, মিরপুর-১০ স্টেশন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজীপাড়া স্টেশনের ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
টানা তিন দিনের সাধারণ ছুটির পর গতকাল বুধবার অফিস খোলায় রাজধানীতে ব্যাপক যানজট হয়। এই যানজট থেকে স্বস্তি দিতে মেট্রোরেল কবে চালু হবে- এমন প্রশ্নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক বলেছেন, এখনই বলতে পারছি না।
এদিকে, বুধবার থেকেই সীমিত পরিসরে চালু হয়েছে দূরপাল্লার বাস। চলেছে নগর পরিবহনের লোকাল বাসসহ সড়কের সব ধরনের গণপরিবহন।