ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশ

কোটা আন্দোলন ঘিরে ব্যাপক নাশকতা ও তাণ্ডবের মধ্যে সারাদেশে কারফিউ জারির পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে জনজীবন। মানুষের চলাচল ও কাজে অংশগ্রহণ বেড়েছে।

স্বাভাবিক অবস্থা ফিরে আসার মধ্যে কোথাও কোথাও কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে। বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস ছাড়তে শুরু করেছে। বাজারহাট, দোকানপাট ও অফিস-আদালতে কারফিউ শিথিলের সময় স্বাভাবিক কাজকর্ম চলছে।

ব্যাপক নাশকতার ও সহিংসতার মধ্যে গত শুক্রবার মাঝরাত থেকে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয়। ঘোষণা করা হয় সাধারণ ছুটি।

অবশ্য কারফিউ জারির একদিন পর থেকেই কিছু সময় করে শিথিল করা হয়। বুধবার থেকে খুলে দেওয়া হয় সরকারি-বেসরকারি অফিস-আদালত।

people_city

রাজধানী ঢাকাতে বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এ সময়ে সাধারণ মানুষের কাজে অংশগ্রহণ ব্যাপকভাবে বেড়েছে। ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন ধরনের গণপরিবহন চলছে। এতে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে সারাদেশেই ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জেলায় জেলায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে। কারফিউ শিথিল হওয়ার সময়ও বেড়েছে।

নেত্রকোণায় স্বাভাবিক রয়েছে জনজীবন। সকাল সাতটা থেকে সন্ধ্যা সাত পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটায় ছেড়ে গেছে দূরপাল্লার বাস। চলছে অভ্যন্তরীণ রুটের বাসসহ ইজি বাইক, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট ছোট যানবাহন।

people_street

বরিশালেও কারফিউ শিথিলের সময় বেড়েছে। জেলায় সকাল ছয়টা থেকে রাত আটা পর্যন্ত এবং মেট্রোপলিটন এলাকায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা কারফিউ শিথিল করা হয়েছে।

অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে সিলেট মহানগরীর জনজীবন। সেখানেও কারফিউ শিথিলের কারণে চলাচল বেড়েছে মানুষের। ব্যস্ততা দেখা গেছে অফিস, আদালত, বাজারহাটে।

people_ctg

রাজশাহীতেও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। গত কয়েকদিনের স্থবির অবস্থায় ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হলেও স্বাভাবিকতা আসতে শুরু করায় স্বস্তিবোধ করছেন তারা।

ভোলাতেও বেড়েছে কারফিউ শিথিলের সময়সীমা। বেড়েছে যান চলাচল। খুলছে দোকানপাট। জনজীবনে বেড়েছে স্বস্তি। তবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ক্রেতা না থাকায় বিপাকে ব্যবসায়ীরা। জেলা প্রশাসকের আশা, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।