সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে স্পিকার

রাজধানীর বিভিন্ন হাসপাতালে সাম্প্রতিক কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার স্পিকার বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্পিকার প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পোস্ট অপারেটিভ বিভাগ ঘুরে দেখেন এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকে সাম্প্রতিক কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন।

এর পরে স্পিকার শিরীন শারমিন রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন সহিংসতায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন।

স্পিকার শিরীন শারমিন সহিংসতায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, নজরুল ইসলাম বাবু, সাইমুম সরওয়ার কমল এবং সানজিদা খানম উপস্থিত ছিলেন।