ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনার প্রস্ততি

পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে কিছুক্ষণের মধ্যেই ঢাকায় অবতরণ করবেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তাকে বরণ করতে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার প্রস্তুতি নেয়া হয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বুধবার দেশের উদ্দেশে রওনা হন তিনি। বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

ড. ইউনূসকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান। উপস্থিত থাকবেন পুলিশ প্রধানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

ড. মুহাম্মদ ইউনূসের আগমনকে ঘিরে বিমানবন্দরে আসছেন তার বন্ধু শুভানুধ্যায়ীরা। বিমানবন্দর টার্মিনালের বাইরে অনেকে ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হয়েছেন তাকে বরণ করার জন্য।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

বৃহস্পতিবার ড. ইউনূসসহ নতুন সরকারের অন্য উপদেষ্টাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ উপলক্ষ্যে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করা হয়েছে।