হাসিনার পতনের পর মুখ খুললেন পুতুল

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করা শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে।

হাসিনার এমন পতনের পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

মায়ের পদত্যাগ ও দেশত্যাগের খবরে ব্যথিত তিনি। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, এই কঠিন সময়ে মাকে দেখতে ও আলিঙ্গন করতে না পারায় পুতুলের হৃদয় ভেঙে গেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি আবেগঘন পোস্ট দেন পুতুল।

এক এক্স বার্তায় সায়মা ওয়াজেদ পুতুল লেখেন, ‘আমার ভালোবাসার দেশে প্রাণহানির ঘটনায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে। সেই সঙ্গে এমন কঠিন সময়ে মায়ের পাশে থাকতে না পারায় আর মাকে জড়িয়ে ধরতে না পারায় হৃদয় ভেঙে যাচ্ছে।’ 

পোস্টে পুতুল আরও জানান, তিনি এখন তার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। পোস্টের শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ট্যাগ করেন তিনি।

ছাত্র-জনতার আন্দোলন ও ব্যাপক রক্তক্ষয়ের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৭৬ বছর বয়সী শেখ হাসিনা সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহানা। আপাতত ভারতেই রয়েছেন তিনি।