আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা 

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে রংপুর যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার সকালে হেলিকপ্টারযোগে তিনি রংপুর যাবেন বলে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান নিশ্চিত করেছে। 

একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা সকাল সাড়ে ৯টার দিকে হেলিকপ্টারযোগে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যাবেন। সেখানে তিনি নিহত আবু সাঈদের কবর জিয়ারত করবেন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন।

এছাড়া আন্দোলনে আহত হয়ে যারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রধান উপদেষ্টা দেখতে যাবেন বলে তিনি জানিয়েছেন। 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি।