নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়নি। এ সংক্রান্ত কর্মশালা স্থগিত করা হয়েছে। শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
নানান আলোচনা সমালোচনার মধ্যেই আগের সরকারের মেয়াদে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়। পরে চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতেও নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।
নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা ২০২৫ সালে পাবলিক মূল্যায়নে (এসএসসি) অংশ নেবে। ডিসেম্বরে এই মূল্যায়ন শেষ না করা গেলে ২০২৬ সালের জানুয়ারিতে মূল্যায়ন শেষ করা হবে বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। এছাড়া আগামী ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণি, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে।
শিক্ষাক্রম বাতিল হয়েছে বলে একটি খবর চাউর হলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কারিকুলাম বাতিল হওয়ার যে সংবাদ প্রচার হচ্ছে তা সঠিক নয়। কারিকুলাম সংক্রান্ত একটি ওয়ার্কশপ (কর্মশালা) বাতিল করা হয়েছে। এটাকে তারা ‘কারিকুলাম বাতিল’ বলে প্রচার করছে, যা মোটেও সঠিক নয়।
তিনি বলেন, কারিকুলাম বাতিল করার এখতিয়ার এনসিটিবির নয়। এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার।