বাংলাদেশে সরকার পরিবর্তনের পর কার্টুন আঁকার 'স্বাধীনতা' ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য নিজের আনন্দের কথা জানিয়েছেন তিনি।
গত চার আগস্ট কার্টুনিস্ট মেহেদি হকের আঁকা তারেক রহমানের একটি ব্যঙ্গচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহেদির সেই কার্টুনের পোস্ট শেয়ার করেছেন তারেক রহমান।
পোস্টে তিনি লিখেছেন, আমি গভীরভাবে আনন্দিত যে, বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে। ২০০৬ সালের আগে বাংলাদেশি কার্টুনিস্টরা, বিশেষ করে শিশির ভট্টাচার্য, প্রায়ই আমার মা ও আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন।
তবে গত দেড় দশকে সেই চিত্র বদলে যায় এবং বহু কার্টুনিস্টকে নিপীড়ন, অত্যাচারের মুখোমুখি হতে হয় বলে লিখেছেন তারেক রহমান।
'যাই হোক, গত ১৫ বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি; তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে। আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন।'
তারেক রহমান আরও লিখেছেন, 'শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন তৈরি করা বন্ধ করে দেন। আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত এবং শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম।
'আমি আন্তরিকভাবে আশা করি, তিনি (শিশির ভট্টাচার্য) শিগগিরই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন তৈরি শুরু করবেন,' যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।