প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের মোবাইল ফোন ও তথ্যপ্রযুক্তি খাতের বৈশ্বিক প্রতিষ্ঠান ‘ট্রানশন হোল্ডিংস’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ট্রানশন গ্রুপের প্রতিনিধিদল বাংলাদেশে তাদের বিদ্যমান ব্যবসা ও নতুন বিনিয়োগ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশে ট্রানশন গ্রুপের বিনিয়োগ আগ্রহকে স্বাগত জানান এবং দেশের অন্য সম্ভাবনাময় খাতগুলোতেও বর্ধিত বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহবান জানান।
বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা বর্তমান সরকারের ব্যবসাবান্ধব নীতি ও সহায়ক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তারা বাংলাদেশের সঙ্গে ট্রানশন গ্রুপের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

গুরুত্বপূর্ণ এই সাক্ষাতকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য নাহিয়ান রহমান রচি, এনবিআর-এর প্রথম সচিব মো. তারেক হাসান এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের উপপরিচালক মো. আবু বাক্কার সিদ্দিক।
ট্রানশনের প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সদস্য আরিফ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
