অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক। খবর বাসসের।
বিবৃতিতে ফারহান হক বলেন, অন্তর্বর্তী সরকারের সমর্থনে বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। বাংলাদেশ সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আগামী দিনে অন্তর্বর্তী সরকারকে দেশব্যাপী নারী, তরুণ ও জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক হতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহবান জানিয়েছেন মহাসচিব।
একইসঙ্গে সমস্ত সহিংসতামূলক কর্মকাণ্ডের পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন গুতেরেস।
এর আগে গেলো ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি এখন ভারতে অবস্থান করছেন।
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
এরইমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।