ঢাকায় মার্কিন দূতাবাসের নিয়মিত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এক পোস্টে মার্কিন দূতাবাস জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসে নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ আছে। যদি আপনাদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট (আসন্ন) থাকে, অনুগ্রহ করে কনস্যুলার শাখা পুনরায় নিয়মিত পরিষেবা চালু করার নির্দেশনার জন্য অপেক্ষা করুন।

গত ১৮ জুলাই সাধারণ মানুষের জন্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলো মার্কিন দূতাবাস।
এদিকে, তবে নিজেদের কার্যক্রম শুরুর বিষয়ে নতুন ঘোষণা দিয়েছে ভারতীয় ভিসা সেন্টার। তাদের ওয়েসবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি-জেএফপি) সীমিত পরিসরে আবার তাদের কার্যক্রম শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীরা তাদের পাসপোর্ট সংগ্রহ সম্পর্কিত আলাদা বার্তা পাবেন। নির্দেশনাসহ এসএমএস পাওয়ার পরই কেবল আইভিএসিতে হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

তবে কার্যক্রম সীমিত পরিসরে চলায়, ভিসা প্রক্রিয়াকরণে সময় বেশি লাগতে পারে বলেও জানানো হয়েছে।
