জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। বুধবার জনপ্রশাসন থেকে এদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া অন্য ৯ কর্মকর্তা হলেন- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান মো. লোকমান হোসেন মিয়া, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, রেলপথ মন্ত্রণালয় সচিব মো. হুমায়ুন কবীর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (সচিব) মোহাম্মদ খায়রুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
আওয়ামী লীগ সরকার পতনের পরই এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন সংস্থাটির কর্মচারীরা। তাকে পদত্যাগ করতে আলটিমেটাম দেওয়া হয়।
আবু হেনা মো. রহমাতুল মুনিম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এনবিআর কার্যালয়ে আর আসেন নাই। গত সরকার একাধিকবার তার চুক্তি নবায়ন করেছে।