বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন ও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে সারাদেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩০৯টি অস্ত্র এবং ৬ হাজার ২৫৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। লুট হওয়ার প্রায় ৯ দিন পর এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হলো।
বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দফতর জানিয়েছে, সারাদেশ থেকে সম্প্রতি লুণ্ঠিত বিভিন্ন ধরনের ৩০৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ৬ হাজার ২৫৮ রাউন্ড গুলি, ৩১৮টিয়ার গ্যাস সেল, ২টি টিয়ার গ্যাস গ্রেনেড এবং ৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
এতে আরও বলা হয়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চলছে। কারো কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, সারাদেশে ৬৩৯টি থানার মধ্যে এরইমধ্যে ৬৩৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ১১০টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৪টির কার্যক্রম শুরু হয়েছে।