সালমান-আনিসুলকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে করেছে পুলিশ। 

বুধবার সালমান ও আনিসুলকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে হাজির করার পর রিমান্ড আবেদন করা হয়।

এর আগে কঠোর নিরাপত্তার তাদেরকে প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হয়। এর আগে আদালত  চত্বরে বিক্ষোভ করেন আইনজীবীরা।

মঙ্গলবার রাতে রাজধানীর সদরঘাট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রভাবশালী সাবেক এই দুই ব্যক্তি গ্রেপ্তার হন বলে জানিয়েছে পুলিশ। এরপর রাতে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড আবেদন করা হয়েছে। 

আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য ও আইনমন্ত্রী হন। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

সালমান এফ রহমান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। ২০১৮ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন।