অবসরে যাওয়া পাঁচ কর্মকর্তাকে সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সম্পর্ক ত্যাগের শর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জননিরাপত্তা বিভাগ, রেলপথ মন্ত্রণালয় ও রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগে নিয়োগ দেওয়া হলো। সবগুলো চুক্তির মেয়াদ দুই বছর।
অবসরে যাওয়া অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব করা হয়েছে।
এছাড়া অবসরে যাওয়া অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, ড. নাসিমুল গনিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিব এবং এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।