রাজনৈতিক সরকারের মতো উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প আর থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।তিনি বলেছেন, বড় বড় উন্নয়ন প্রকল্পে বেশ কিছু বিশৃঙ্খলা রয়েছে। ঠিকাদার ও সরকারের দুর্নীতির কারণে মূল নকশা বদলে ফেলে প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে।
সোমবার এক বৈঠকে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি ব্যয় সংকোচন জরুরি মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, রাজনৈতিক সরকারের আমলে অনেক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প থাকে। এখন এসব আর থাকবে না। নতুন যে প্রকল্প কতগুলো আসবে, সেগুলো একনেকে যাওয়ার আগে আপনাদের বিচার-বিবেচনা করে দেখতে হবে।
এই মুহূর্তে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির চেয়ে কর্মসংস্থান সৃষ্টি করা বেশি জরুরি উল্লেখ করে তিনি বলেন, এখন অর্থনীতিকে স্থিতিশীল করা বড় বিষয়। প্রত্যেক প্রকল্প যাচাই-বাছাই করা প্রয়োজন। এখন যে প্রকল্প আছে, এখানে অনেক বিশৃঙ্খলা আছে। অনেক প্রকল্প শুরু হয়নি, কিছু শুরু হয়েছে, আবার যাচাই-বাছাই করতে হবে।
প্রাথমিক পর্যায়ে থাকা প্রকল্পগুলো দ্রুত মূল্যায়ন করে যে প্রকল্পে লাভ হবে না, সেটি বাদ দিতে হবে বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা।
এছাড়া বড় বড় প্রকল্পগুলোর ব্যয় কেন বাড়ে, তা নিয়ে একটি ডকুমেন্ট করতে চান বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা।